লন্ডন চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬

ভেনিস ও টরন্টোর মতো আন্তর্জাতিক অঙ্গনের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর এবার আরও একটি বড় মাইলফলক স্পর্শ করল রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ৭০তম আসরের লাইনআপে জায়গা করে নিয়েছে সিনেমাটি। আগামী ৭ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসবে ‘বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’ জয়ের লড়াইয়ে অংশ নেবে ১০টি চলচ্চিত্র।

প্রতিযোগিতা বিভাগে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ছাড়াও রয়েছে জাপানের হিরোকাজু কোরে-এদার ‘লুক ব্যাক’, ইউক্রেনের সের্গেই লোজনিতসার ‘ইম্পেরিয়াম’, যুক্তরাজ্যের ক্যারল মরলির ‘৭ মাইলস আউট’, হাঙ্গেরির লিলি হরভাটের ‘মাই নোটস অন মার্স’, আর্জেন্টিনার বেঞ্জামিন নাইশতাটের ‘গ্ল্যাক্সো’, আইরিশ নির্মাতা জুটি ক্রিস্টিন মলয় ও জো ললার ‘অ্যাক্ট ৩’, ইতালির জিওভান্নি তরতোরিচির ‘কেটিসে’, পোল্যান্ডের মালগোর্জাটা সুমোভস্কা ও মাইকেল এঙ্গলার্টের ‘দ্য ইডিয়টস’ এবং ডেনমার্কের মে এল-তুখির ‘উইমেন আননোন’। উৎসবের পরিচালক ক্রিস্টিন ম্যাথেসন জানিয়েছেন, ৭০তম আসরে পুরোনো ও নতুন নির্মাতাদের বৈচিত্র্যময় কাজের সমাহার ঘটাতে পেরে তারা গর্বিত।

সিনেমাটির নির্মাতা রুবাইয়াত হোসেন জানান, এটি একটি মনস্তাত্ত্বিক হরর ঘরানার চলচ্চিত্র। ঢাকার ঐতিহ্যবাহী মেফেয়ার বিউটি পারলারের প্রেক্ষাপটে তৈরি এই গল্পের কেন্দ্রে রয়েছে জাইনীন নামের এক তরুণী। বিয়ের প্রস্তুতির জন্য পারলারে গিয়ে সে নানাবিধ অতিপ্রাকৃত ও অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়। রহস্য এবং মনস্তত্ত্বের মিশেলে গড়ে ওঠা এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। এটি তার প্রথম অভিনীত চলচ্চিত্র। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন রুবাইয়াত হোসেন, ফ্রান্সের ফ্রাঁসোয়া ডি’আর্টেমারে, জার্মানির আন্না ক্যাচকো, পর্তুগালের পেড্রো বোর্গস ও নরওয়ের ইনগার্ড লিল হটন।