লংমার্চে ভোগান্তির আশঙ্কা, দেশবাসীর কাছে আগাম ক্ষমা চাইল জামায়াত

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬

আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ। এই কর্মসূচির কারণে জনগণের সাময়িক ভোগান্তি হতে পারে আশঙ্কা করে দেশবাসীর কাছে আগাম ক্ষমা চেয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে লংমার্চটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করতে তিনি জনগণ ও প্রশাসনের সর্বস্তরের সহযোগিতা কামনা করেছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, এত বড় একটি রাজনৈতিক কর্মসূচির কারণে কোথাও কোথাও সাময়িক জনভোগান্তি সৃষ্টি হতে পারে। এ বিষয়টি বিবেচনা করে তিনি আগেভাগেই জনগণের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে রাখেন।