পদ্মা সেতুর ঢালে বাস উল্টে ৮ যাত্রী আহত প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬ মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় আট যাত্রী আহত হয়েছেন। সোমবার দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতরে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে এবং অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিউ গ্রীনলাইন এক্সপ্রেস পরিবহনের বাসটি যাত্রী নিয়ে মাগুরা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বেলা সোয়া একটার দিকে বাসটি পদ্মা সেতু পার হয়ে মাওয়া প্রান্তে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেলা ১টা ১৫ মিনিটের দিকে বাসটি ঢালে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ডান দিকের রেলিংয়ে ধাক্কা খায়। এরপর বাসটি ঘুরে গিয়ে বাঁ দিকের রেলিংয়ে আঘাত করে উল্টে যায়। দুর্ঘটনায় আহত আটজন হলেন মাগুরা সদর এলাকার সাইফুল্লাহ (৮০) ও লুৎফর রহমান (৬৩), মোহাম্মদপুরের ফাতেমা আক্তার (৭), শ্রীপুরের সাইফ (২৩), ফরিদপুরের মধুখালীর আরাফাত (১৩), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রেবেকা খাতুন (৪০) এবং দামুড়হুদার নূর ইসলাম (৪৬) ও রশিদা বেগম (৪০)। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানজিম তামান্না জানান, বেলা দুইটা থেকে আড়াইটার মধ্যে আহতদের হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে নূর ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। SHARES জাতীয় বিষয়: পদ্মা সেতুমাওয়ামুন্সিগঞ্জলৌহজংসড়ক দুর্ঘটনা