মন্ত্রিসভায় নবম পে-স্কেল অনুমোদন: কার্যকর হবে ১ জুলাই থেকে

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬

সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালের নবম জাতীয় বেতন স্কেল মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন প্রদান করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে নতুন এই বেতন স্কেল কার্যকর করা হবে।

নতুন এই বেতন কাঠামো অনুযায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। এই বর্ধিত বেতন সুবিধা তিন ধাপে বাস্তবায়ন করা হবে। নতুন স্কেল অনুযায়ী, গ্রেড-১ এর কর্মকর্তাদের জন্য ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য ২০ হাজার টাকা মূল বেতন নির্ধারণ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী, বাজেট ও মূল্যস্ফীতির ওপর চাপ কমাতে দুই অর্থবছর জুড়ে তিন ধাপে এই নতুন পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগে, সরকারি কর্মচারীদের বেতনকাঠামো পর্যালোচনার জন্য গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল।