উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা ও ৬ হাজার টাকা জরিমানা প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬ রাজধানীর সার্কিট হাউস রোডে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের ব্যবহৃত গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টা ৮ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। ঘটনার সময় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত গাড়িতেই অবস্থান করছিলেন। ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মন্ত্রীর পতাকাবাহী রেঞ্জ রোভার গাড়িটি (নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫) সার্কিট হাউস রোডের উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ গাড়িটিকে থামিয়ে দেয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনের লঙ্ঘন হওয়ায় গাড়িটির বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে পৃথক মামলা করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, মন্ত্রীর গাড়িটি যখন উল্টোপথে যাচ্ছিল, ঠিক সেই সময়েই পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর সচিবালয়ের দিকে যাচ্ছিল। SHARES অন্যান্য বিষয়: এম রশিদুজ্জামান মিল্লাতট্রাফিক পুলিশঢাকা মেট্রোপলিটন পুলিশসার্কিট হাউস রোডসড়ক-আইন