মার্কিন হামলায় ইরানের তিন পাইলট নিহত

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬

যুক্তরাষ্ট্রের চালানো হামলায় ইরানের তিন সামরিক পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) ইরানের স্থানীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিহতদের মধ্যে ইরানি নৌবাহিনীর পাইলট মোজতবা বাঘেরি ও হামেদ ওকাতি এবং ইরানি বিমানবাহিনীর পাইলট হোসেইন মাহদাভিয়ান রয়েছেন। তবে হামলাটি ঠিক কোথায় চালানো হয়েছিল, কোন ধরনের উড়োজাহাজ এতে ব্যবহৃত হয়েছে কিংবা কী পরিস্থিতিতে ওই পাইলটরা নিহত হয়েছেন—সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে ইরান দাবি করেছিল যে, গত মঙ্গলবার দেশজুড়ে মার্কিন বাহিনীর চালানো হামলায় বেসামরিক ব্যক্তিসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এই হামলার জবাবে বৃহস্পতিবারও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে ইরান।