গ্যাস-বিদ্যুৎ সংকটে রাজপথে আন্দোলনের বদলে সংসদে পরামর্শের আহ্বান রিজভীর প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬ গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে জাতীয় সংসদে গঠনমূলক পরামর্শ ও বিকল্প পরিকল্পনা দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার ঢাকার শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সংস্থাটির নবনির্বাচিত সদস্যদের অভিষেক সম্পন্ন হয়। রিজভী বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকট আন্তর্জাতিক যুদ্ধ এবং বিগত সরকারের ভুল পরিকল্পনার ফল। হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধার সৃষ্টি হওয়ায় জ্বালানি আমদানিতে সংকট দেখা দিয়েছে, যা সরকারের নিজস্ব কোনো কারণে হয়নি। তিনি বলেন, বিরোধী দল রাজপথে কর্মসূচি দিতে পারে, তবে তাদের উচিত বর্তমান সংকট মোকাবিলায় সুনির্দিষ্ট বিকল্প পরিকল্পনা তুলে ধরা। সংসদে বিরোধী দলের সদস্যদের কথা বলার পর্যাপ্ত সুযোগ রয়েছে এবং সংকট নিরসনে তাদের পরামর্শ ও পরিকল্পনা দেওয়া প্রয়োজন। বিএনপির এই নেতা আরও বলেন, একটি পরিকল্পিত অচলাবস্থা তৈরি করা ঠিক হবে না। অতীতের পুনরাবৃত্তি হলে পরিস্থিতি আরও অন্ধকারের দিকে যাবে বলে তিনি সতর্ক করেন। জুলাই আন্দোলনে গান ও নৃত্যের ভূমিকা স্মরণ করে রিজভী বলেন, এসব সাংস্কৃতিক পরিবেশনা আন্দোলনকারীদের মধ্যে উদ্দীপনা ও সাহস জুগিয়েছিল। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জল, কবি রেজাউদ্দিন স্ট্যালিন, নায়ক হেলাল খান এবং জাকির হোসেন রুকনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। SHARES রাজনীতি বিষয়: গ্যাস-সংকটজাতীয় সংসদবিএনপিবিদ্যুৎ সংকটরুহুল কবির রিজভী