প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি: ড. মঈন খান

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ১/১১ থেকে শুরু করে দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্রই বিএনপিকে সরানোর জন্য করা হয়েছিল। তিনি অভিযোগ করেন, বিএনপিকে সরিয়ে বাংলাদেশকে একটি কুক্ষিগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালানো হয়েছে। শুক্রবার বিকেলে নরসিংদীর তাঁত প্রশিক্ষণ ইন্সটিটিউট হল রুমে আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি স্পষ্ট করে বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, তবে দলটি ন্যায় বিচার প্রত্যাশা করে।

মন্ত্রী আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি প্রবর্তন করেছিলেন। বর্তমান বাংলাদেশের অর্থনীতির মূল মেরুদণ্ড তারই তৈরি। জিয়াউর রহমান নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ তাদের অধিকার রক্ষায় যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। তার মতে, জিয়াউর রহমান জাপানকে পেছনে ফেলে বিশ্বনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, কিন্তু তখনই একটি কুচক্রী মহল তাকে হত্যা করে।

ড. মঈন খান জানান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তারা দেশকে সামনে এগিয়ে নিতে চান। গত ১৭ বছরের ধ্বংসস্তূপ থেকে দেশকে উত্তরণ করার কাজ চলছে। এছাড়া পাঁচটি ধাপের নির্বাচনের মধ্য দিয়ে গ্রামীণ অবকাঠামো পুনরুদ্ধারের কাজও চলমান রয়েছে। সদর আসনের এমপি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়েরুল কবির খোকনের সভাপতিত্বে সভায় নরসিংদী-৩ আসনের সাংসদ মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এবং সংরক্ষিত আসনের সাংসদ শিরিন সুলতানা বক্তব্য দেন। অনুষ্ঠানের বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার বাস্তবায়নে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।