নারায়ণগঞ্জে শিক্ষকদের নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬

নারায়ণগঞ্জ জেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলার হল রুমে আয়োজিত এই কর্মশালার মূল লক্ষ্য ছিল শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। কর্মশালায় নিরাপদ খাদ্যের গুরুত্ব, খাদ্য দূষণের কারণ ও এর ক্ষতিকর প্রভাব, খাদ্য সংরক্ষণ ও প্রস্তুতের সঠিক পদ্ধতি এবং শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ খাদ্য গ্রহণের সচেতনতা তৈরির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকদের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের দৈনন্দিন খাদ্যাভ্যাসে পুষ্টিকর খাবার গ্রহণে উৎসাহিত করা এবং পরিবার ও সমাজে খাদ্য নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরিতে শিক্ষকদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেন ছোটবেলা থেকেই নিরাপদ খাদ্য গ্রহণ, খাদ্য পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন হয়ে ওঠে, সেজন্য শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে এই সচেতনতা ছড়িয়ে দেওয়া গেলে এর ইতিবাচক প্রভাব পরিবার ও সমাজেও পড়বে। এছাড়া নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার বিষয় নয়, এটি একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত বলেও তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষকদের এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান শিক্ষার্থীরা গ্রহণ করলে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় তা বড় ধরনের ভূমিকা রাখবে। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকরা প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত