পলাতক ফ্যাসিবাদীদের অস্থিতিশীলতা রোধে ভারতীয় হাইকমিশনারের প্রতি আহ্বান প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬ ভারতে অবস্থানরত পলাতক ফ্যাসিবাদীদের দোসর এবং বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে ভবিষ্যতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুযোগ না পায়, সে বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই আহ্বান জানান। বৈঠকে ঢাকায় নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার পবন বাড়েও উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়টি উপদেষ্টার দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ভিত্তিতে একটি টেকসই ও মর্যাদাপূর্ণ উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষই ঐকমত্য পোষণ করেন। এছাড়া দুই দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধকে আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ নিরসনে পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বহুমাত্রিক রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এছাড়া ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও উভয় পক্ষ ফলপ্রসূ আলোচনা করেছেন। তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনের অপার সম্ভাবনার কথা তুলে ধরে মাহদী আমিন ও দীনেশ ত্রিবেদী বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের যৌথ সহযোগিতা বৃদ্ধির সুযোগ রয়েছে বলেও একমত হয়েছেন। SHARES জাতীয় বিষয়: কূটনৈতিক বৈঠকদীনেশ ত্রিবেদীফ্যাসিবাদবাংলাদেশ ভারত সম্পর্কমাহদী আমিন