বগুড়ায় ৯ শিশুকে জিম্মি, এক শিশুর বুদ্ধিতে রক্ষা পেল সবাই

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬

বগুড়ার শেরপুর উপজেলায় স্কুল থেকে নয়জন শিশুকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে জিম্মি করে রাখার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ভুক্তভোগী শিশুরা হলো মামুন (১২), ওমর ফারুক (১২), সীমান্ত (১১), হান্নান (১৩), সুমন (১২), সাব্বির (১২), সিয়াম (১১), ফয়সাল (১৩) ও রিফাত (১২)।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, সোমবার সকাল ৯টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষার্থীদের জোরপূর্বক একটি ইজিবাইকে তুলে নেওয়া হয়। মহিপুর পিসি ভাটা এলাকার মুকুল হোসেনের ছেলে মোতালেবসহ কয়েকজন মিলে তাদের অপহরণ করে নয় মাইল এলাকায় নিয়ে গিয়ে জিম্মি করে রাখে।

দীর্ঘ সময় জিম্মি থাকার পর বেলা ৩টার দিকে রিফাত নামের এক শিশু শিক্ষার্থী শৌচাগারে যাওয়ার কথা বলে কৌশলে সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে পৌঁছে সে স্বজনদের পুরো ঘটনাটি জানায়। ভুক্তভোগী এক শিশুর মা ফেন্সি বেগম জানান, ছেলেটি হাপাতে হাপাতে বাড়িতে এসে ঘটনাটি জানালে তারা দ্রুত অন্য অভিভাবকদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান এবং শিশুদের উদ্ধার করেন।

ঘটনার পর সোমবার রাতে শেরপুর থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।