যুক্তরাষ্ট্রের কানসাসে ফুটবল মাঠে ট্রাকের ধাক্কায় নিহত ২ প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৬ যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে শিশু-কিশোরদের একটি ফুটবল ম্যাচ চলাকালে মাঠের ভেতরে ট্রাক ঢুকিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। গত শনিবারের এই মর্মান্তিক দুর্ঘটনায় এক শিশু ও এক প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আরও ১১ জন আহত হয়েছেন, যাদের হাসপাতালে পাঠানো হয়েছে। উইচিটা পুলিশের ক্যাপ্টেন অ্যারন মোজেস জানিয়েছেন, নিহতদের মধ্যে ৬ বছর বয়সী এক শিশু ও ৩৫ বছর বয়সী একজন প্রাপ্তবয়স্ক রয়েছেন। আহত ব্যক্তিদের বয়স ৫ থেকে ৬৮ বছরের মধ্যে। দুর্ঘটনার সময় ট্রাকটির ভেতরেও দুটি শিশু ছিল। পুলিশ ৩৪ বছর বয়সী ওই ট্রাকচালক নারীকে হেফাজতে নিয়েছে। তবে এই ঘটনাটি কোনো পরিকল্পিত হামলা কি না, তা এখনো স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। ক্যাপ্টেন মোজেস বলেন, ঘটনাটি কেন ও কীভাবে ঘটল, তা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। উইচিটার পুলিশ প্রধান জো সালিভান স্থানীয়দের ভূমিকার প্রশংসা করে বলেন, উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই উপস্থিত লোকজন ট্রাকচালককে নিবৃত্ত করেন এবং আহত ব্যক্তিদের সহায়তায় এগিয়ে আসেন। তিনি একে উইচিটাবাসীর মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বলে অভিহিত করেন। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন কোনো হুমকি নেই। ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক বলে বর্ণনা করেছেন উইচিটার মেয়র লিলি উ। তিনি ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তদন্ত চলাকালে সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। SHARES আন্তর্জাতিক বিষয়: উইচিটাকানসাসদুর্ঘটনাফুটবলযুক্তরাষ্ট্র