ইরানের কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্রের আঘাত

প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬

ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম। শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক তথ্যে দ্বীপটিতে দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এই ঘটনায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর বিস্তারিত জানানো হবে বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানায়, কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি বস্তু আঘাত করেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনার সময় দ্বীপটির আকাশে উড়োজাহাজের শব্দ শোনা গিয়েছিল। তবে এই হামলা কারা চালিয়েছে, সে বিষয়ে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানে কোনো সমঝোতা হয়নি বলে যে খবর ছড়িয়ে পড়েছে, তাকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে কাতারের আন্তর্জাতিক গণমাধ্যম দপ্তর। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, কাতারের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে যুদ্ধ অবসানে একটি চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই কাজ চালিয়ে যাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, আলোচনায় অগ্রগতি আনতে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাতারের মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত রয়েছে।