কেনিয়ায় অনুসারীদের অনাহারে মৃত্যুর ঘটনায় ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬ ‘যিশুর দেখা পেতে’ অনুসারীদের অনাহারে রেখে ১৯১ জনের মৃত্যুর ঘটনায় কেনিয়ার প্রলয়বাদী ধর্মীয় গোষ্ঠীর প্রধান পল এনথেঙ্গ ম্যাকেনজিকে ২০০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মর্মান্তিক ট্র্যাজেডিতে প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই ছিল শিশু। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ম্যাকেনজির নির্দেশে শিশুদের না খাইয়ে রাখা এবং গণকবরে লাশ গুম করার অপরাধে তার ২৮ জন সহযোগীকেও বিভিন্ন মেয়াদে সর্বোচ্চ ১৬০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। গত শুক্রবার বিচারক ডায়ানা মোচাচে এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, অনুসারীদের অনাহারে মৃত্যুর নির্দেশ দেওয়ার পেছনে মূল অপরাধমূলক দায়ভার ম্যাকেনজির ওপরই বর্তায়। বিশ্ব ইতিহাসে এটি অন্যতম প্রাণঘাতী ধর্মীয় উগ্রতার ঘটনা হিসেবে বিবেচিত। বিচারক মোচাচে মন্তব্য করেন, এমন নৃশংসতার বিরুদ্ধে সুস্পষ্ট বার্তা দিতেই এই সাজা ‘যথোপযুক্ত ও ন্যায়সংগত’ হয়েছে। সাজার হিসাব অনুযায়ী, আদালত ম্যাকেনজিকে হত্যাকাণ্ডের অপরাধে ১০০ বছর এবং অনুসারীদের অনাহারে রাখার দায়ে আরও ১০০ বছরের কারাদণ্ড প্রদান করেছে। তবে সাজাগুলো একসঙ্গে কার্যকর হওয়ায় তাকে সর্বোচ্চ ১০০ বছর কারাভোগ করতে হবে। বিচারক রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেন যে, মৃত্যুদণ্ড দিলে আসামির সংশোধন বা অপরাধের পথ থেকে ফিরে আসার কোনো সুযোগ থাকে না। SHARES আন্তর্জাতিক বিষয়: আন্তর্জাতিককারাদণ্ডকেনিয়াধর্মীয় উগ্রতাপল এনথেঙ্গ ম্যাকেনজি