নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করলেন শেখ হাসিনা প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। সোমবার দিল্লির বাংলাদেশ দূতাবাসে পাঠানো একটি চিঠির মাধ্যমে তিনি এই আবেদন জানান। ২০২৪ সালে দেশ ছাড়ার পর এটিই তার প্রথম এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ। রয়টার্স এই চিঠির বিষয়টি নিশ্চিত করেছে। শেখ হাসিনার লন্ডনভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লির বাংলাদেশ দূতাবাসে ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা চিঠিতে এই আবেদন করেন। এতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক তার বর্তমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের প্রেক্ষিতে, তারা তাদের মক্কেলের জন্য নতুন করে এই নথিপত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিনীত অনুরোধ জানাচ্ছেন। চিঠিতে তার বাংলাদেশি জাতীয়তার ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকার দলিলের বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুততার সাথে আবেদনগুলো প্রক্রিয়াধীন করার কথা বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, আবেদনটি ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পরিকল্পনার সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ। দীর্ঘ শাসনামলের অবসানের দুই বছরেরও বেশি সময় পর তার এই সম্ভাব্য প্রত্যাবর্তন দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরির আশঙ্কা সৃষ্টি করেছে। বাংলাদেশে বর্তমানে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এর আগে তিনি রয়টার্সকে জানিয়েছিলেন যে, আদালতে আত্মসমর্পণের জন্য তিনি দেশে ফেরার পরিকল্পনা করছেন। তার সহযোগীরা সোমবার জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে। ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের যুদ্ধাপরাধ আদালত তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ডের রায় দেয়। অবশ্য নির্বাসনে থেকে তিনি এই অভিযোগ অস্বীকার করে আসছেন। দিল্লিতে প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের কাছে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, দুই মেয়াদে ২০ বছর ধরে দেশ শাসন করার কারণে এখনো একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে শেখ হাসিনার সমর্থন রয়েছে। রাজনৈতিক অস্থিরতার পর বর্তমান সরকার যখন স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে, তখন তার দেশে ফেরা রাজনৈতিক বিভাজনকে আরও তীব্র করতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, নয়াদিল্লি তাকে আশ্রয় দেয়ার পর যে সম্পর্কের অবনতি ঘটেছিল, তার দেশে ফেরার বিষয়টি সেই টানাপোড়েনের সম্পর্কে প্রভাব ফেলতে পারে। হাসিনার দলের অনেক কর্মী বর্তমানে কারাবন্দি আছেন অথবা ভারত বা অন্য কোথাও স্ব-আরোপিত নির্বাসনে রয়েছেন। SHARES অন্যান্য বিষয়: জাতীয় পরিচয়পত্রদিল্লিপাসপোর্টবাংলাদেশ হাইকমিশনশেখ হাসিনা