ধনবাড়ীতে এনজিও ও সমিতির প্রতিনিধিদের সাথে প্রশাসনের মতবিনিময় প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় কর্মরত বিভিন্ন এনজিও এবং সমবায় সমিতির প্রধানদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এই আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী। তিনি তার বক্তব্যে উপজেলার সকল এনজিও, সমবায় এবং সমাজসেবামূলক প্রতিষ্ঠানকে নিয়মিতভাবে মাসিক প্রতিবেদন জমা দেওয়ার কড়া নির্দেশ প্রদান করেন। তিনি জানান, যে সকল প্রতিষ্ঠানের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না, তাদের নিবন্ধন বা রেজিস্ট্রেশন বাতিলের মতো প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া সম্প্রতি উপজেলার 'সয়া গ্রামীন সেবা' ও 'একতা সমবায় সমিতি'র অর্থ লোপাটের ঘটনার প্রেক্ষিতে তিনি প্রশাসনিক কঠোর ব্যবস্থা গ্রহণ এবং গ্রাহকদের অর্থ ফেরতের প্রক্রিয়া শুরুর বিষয়টি নিশ্চিত করেন। সভায় বক্তারা সকল সমিতি ও এনজিও প্রতিষ্ঠানকে তাদের কার্যক্রম স্বচ্ছভাবে পরিচালনার আহ্বান জানান। সেই সাথে সমাজে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূরীকরণে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান মাসুদ, সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম জাকারিয়া এবং মৎস্য কর্মকর্তা সন্ধ্যা রাণী পাল বক্তব্য রাখেন। এছাড়া ধনবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এসএমএ ছোবহান, উপজেলা বিএনপি’র নির্বাহী সদস্য ও ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু এবং ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমানও সভায় বক্তব্য দেন। ধনবাড়ী উপজেলার বিভিন্ন এনজিও এবং সমাজসেবা সমিতির প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES জেলা/উপজেলা বিষয়: উপজেলা প্রশাসনএনজিওধনবাড়ীসমাজসেবাসমিতি