বিমান বহর আধুনিকায়নে ৩৫টি নতুন উড়োজাহাজ কিনছে সরকার

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬

বিমান বহর আধুনিকায়ন ও টেকসই মিশ্র বহর (মিক্সড ফ্লিট) গড়ে তোলার লক্ষ্যে বোয়িং ও এয়ারবাস থেকে নতুন ৩৫টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন হয়েছে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানান।

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে মোট ১৯টি নিজস্ব উড়োজাহাজ রয়েছে। বহর আধুনিকায়নের পরিকল্পনার অংশ হিসেবে বোয়িং থেকে ২৫টি এবং এয়ারবাস থেকে ১০টি নতুন উড়োজাহাজ কেনার জন্য ইতোমধ্যে ক্রয়চুক্তি সম্পন্ন করা হয়েছে।

চুক্তি অনুযায়ী, বোয়িং উড়োজাহাজগুলো ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে এবং এয়ারবাসগুলো ২০৩৩ থেকে ২০৩৫ সালের মধ্যে বিমানের বহরে যুক্ত হবে বলে জানানো হয়।