তুরস্কের জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬ জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩১ এ যোগদান ও সফর সংশ্লিষ্ট বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই সফরে তাঁর সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীরাও দেশে ফেরেন। বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিত্ব ও দলীয় নেতারা। এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এ ছাড়া স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। এর আগে তিন দিনের সরকারি সফরে গত মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফর শেষে তুরস্কের স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় আনতালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন তিনি। সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর ঢাকার বিমান ধরেন প্রধানমন্ত্রী। সফরকালে প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিশ্বনেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং সৌজন্য সাক্ষাৎ করেন। পুরো সফরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, আন্তর্জাতিক সহযোগিতা, জলবায়ু অর্থায়ন এবং বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি জোরদারের বিষয়টি প্রাধান্য পায়। এ ছাড়া তিনি আনতালিয়ার গ্রিন জোন ও বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বিভিন্ন প্রদর্শনীও ঘুরে দেখেন। SHARES জাতীয় বিষয়: কপ-৩১ডা. জুবাইদা রহমানতুরস্ক সফরপ্রধানমন্ত্রী তারেক রহমানহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর