অসদাচরণ ও কর্মস্থলে অনুপস্থিতি: ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬

বিভাগীয় মামলায় অসদাচরণ এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক সাতটি প্রজ্ঞাপনে এই শাস্তিমূলক ব্যবস্থার বিষয়টি জানানো হয়। একই সঙ্গে মোহাম্মদ ওবায়দুর রহমান নামে আরেক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পুলিশ সদরদফতরের সাবেক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম, গাইবান্ধা ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম, সুনামগঞ্জ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান, পুলিশ অধিদফতরে সংযুক্ত সহকারী পুলিশ সুপার মো. সরোয়ার কবীর সোহাগ এবং এপিবিএন-২ এর সাবেক সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান।

অন্যদিকে, বাধ্যতামূলক অবসরে পাঠানো সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি ২০১৭ সালের ২৯ মে থেকে কোনো প্রকার ছুটি বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাকে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলেও তিনি তা পালন করেননি। পরবর্তীতে তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়। বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ অনুযায়ী তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।