সরকারে চাপ অব্যাহত রেখে নির্বাচনী ও সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জামায়াত প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬ বিদ্যমান পরিস্থিতিতে এখনই বড় ধরনের রাজপথের আন্দোলনে না গিয়ে সরকারের ওপর রাজনৈতিক ও সামাজিক চাপ বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং জনজীবনের বহুমুখী সংকট নিরসনের দাবিতে লংমার্চসহ ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে সক্রিয় থাকার কৌশল নিয়েছে দলটি। এর পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করে নিজেদের সাংগঠনিক শক্তি যাচাই, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় দক্ষ জনবল তৈরির প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। দলটির শীর্ষ পর্যায়ের একাধিক দায়িত্বশীল নেতার বরাতে জানা গেছে, জামায়াত বর্তমান বিএনপি সরকারকে মেয়াদ শেষ করার সুযোগ দেওয়ার পক্ষপাতী। তবে জনগণের বিভিন্ন দাবি আদায়ে নিয়মিত কর্মসূচি পালনের মাধ্যমে সরকারের কর্মকাণ্ড ও জনদুর্ভোগের বিষয়গুলোতে রাজনৈতিক চাপ ধরে রাখতে চায় তারা। জামায়াত নেতাদের মূল্যায়নে, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নানা কর্মকাণ্ড সরকারকে চাপে ফেলছে এবং এসব নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়েও সংশয় রয়েছে। ফলে জনজীবনের সংকট আরও ঘনীভূত হলে এবং জনরোষ তৈরি হলে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিকভাবেই মোড় নিতে পারে বলে ধারণা করছেন তারা। প্রয়োজনে মাঠের আন্দোলন কঠোর করার ইঙ্গিতও দিয়ে রাখছেন দলটির শীর্ষ নেতারা। গত ৩১ অক্টোবর কুষ্টিয়ায় ১১-দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের পক্ষ থেকে তাদের সাত দফা না মানলে এক দফা আন্দোলন অনিবার্য হয়ে উঠবে। রাজনৈতিক এই অবস্থানের ব্যাখ্যা দিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, বিরোধী দল এই মুহূর্তে সরকারের পতন চায় না। তারা চায় গণভোটের রায় বাস্তবায়নসহ জনগণের যৌক্তিক দাবিগুলো সরকার মেনে নিক। লংমার্চের মতো জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে সরকারের শুভবুদ্ধির উদয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তবে দাবিগুলো উপেক্ষিত হলে সাত দফা শেষ পর্যন্ত এক দফায় রূপ নিতে পারে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ায় এমন কোনো কর্মসূচিতে না যাওয়ার কথা জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক শীর্ষ নেতা। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, হরতাল, অবরোধ কিংবা জ্বালাও-পোড়াওয়ের মতো বিধ্বংসী কর্মসূচি মানুষ ইতিবাচকভাবে গ্রহণ করে না। তাই জনদুর্ভোগ না বাড়িয়ে সরাসরি মানুষের সমস্যাগুলো কেন্দ্র করে কর্মসূচি চালিয়ে যাওয়ার পক্ষেই তাদের অবস্থান। একই সুর প্রকাশ করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, বিরোধী দল পতন না চাইলেও সরকারের বিভিন্ন ব্যর্থতায় সাধারণ মানুষ দ্রুত আস্থা হারাচ্ছে। সরকার যদি সুশাসন, গণতন্ত্র, জনগণের মৌলিক অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারে, তবে দ্রুতই তীব্র জন-অসন্তোষের মুখে পড়তে হবে। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন যেভাবে সরকারের দমন-পীড়নের কারণে ধাপে ধাপে এক দফায় রূপান্তরিত হয়েছিল, বর্তমান বাস্তবতায় সংকট বৃদ্ধি পেলে মানুষ একইভাবে রাজপথে নেমে আসতে পারে বলে মনে করেন দলটির নেতারা। জনপ্রত্যাশাকে প্রাধান্য দিয়ে ১১-দলীয় ঐক্য তাদের সাত দফা কর্মসূচি সাজিয়েছে। এসব দাবির মধ্যে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি রয়েছে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানিসংকট দূর করা, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সর্বক্ষেত্রে দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি নিমূর্ল করা। মাঠপর্যায়ের কর্মসূচিতে স্থানীয় ও আঞ্চলিক সমস্যাগুলোকেও অন্তর্ভুক্ত করার দিকনির্দেশনা দেওয়া হয়েছে, যাতে নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মেলবন্ধন ও দলের সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। জাতীয় রাজনীতিতে ১১-দলীয় ঐক্যের অংশীদার হলেও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে জামায়াত। তৃণমূলের সাংগঠনিক ভিত্তি পরখ করা, উদীয়মান নেতৃত্ব তৈরি করা এবং সাধারণ ভোটারদের সঙ্গে সম্পর্ক জোরদার করার মাধ্যম হিসেবে এই নির্বাচনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন স্তরে সম্ভাব্য প্রার্থী বাছাই প্রক্রিয়ার পাশাপাশি সংসদ নির্বাচনে অংশ নেওয়া ও স্থানীয় নেতাদের এলাকায় সক্রিয় রাখা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে নির্বাচন কমিশনে কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব জমা দিয়েছে জামায়াত। এর মধ্যে রয়েছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে পদায়ন করা প্রশাসক ও বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বে থাকা ব্যক্তিদের নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণার বিধান আনা। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সক্রিয় নেতা-কর্মী বা পদধারীদের নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ করার দাবি জানিয়েছে তারা। দলীয় কাঠামো শক্তিশালী করতে দুর্বল অঞ্চলগুলোতে বিশেষ কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষের মধ্যে নৈতিক শিক্ষা বিস্তারে দাওয়াতি কাজ জোরদার করা হয়েছে। সাংগঠনিক তথ্যানুসারে, দাওয়াতি মাস পালনের অংশ হিসেবে গত আগস্টে নারীদের মাঝে এবং সেপ্টেম্বরে পুরুষদের মাঝে বিশেষ অভিযান পরিচালিত হয়। এর মূল লক্ষ্য দলীয় নেতাকর্মীদের নৈতিক মান ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করে ভবিষ্যৎ নেতৃত্বের উপযোগী করে গড়ে তোলা। SHARES রাজনীতি বিষয়: বাংলাদেশ জামায়াতে ইসলামীরাজনীতিরাজনৈতিক কৌশলশফিকুর রহমানস্থানীয় সরকার নির্বাচন১১ দলীয় ঐক্য