সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গলিতে দুর্বৃত্তের আগুন প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৬ সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গলির ভেতরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, দাড়িয়াপাড়া এলাকার একটি গলির প্রবেশপথের মূল ফটকের ভেতরে পলিথিনসদৃশ কোনো বস্তুতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই গলিতে তিন থেকে চারটি বাসা রয়েছে, যার মধ্যে একটি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন জানান, রাত তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে দুর্বৃত্তরা এই ঘটনাটি ঘটায়। তিনি নিশ্চিত করেছেন যে এটি কোনো পেট্রলবোমা ছিল না, বরং পলিথিনজাতীয় কোনো বস্তু পোড়ানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে। এদিকে সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মাহমুদুল হাসান জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সিলেটে বড় কোনো অগ্নিকাণ্ডের খবর তাদের কাছে আসেনি। SHARES অন্যান্য বিষয়: অগ্নিকাণ্ডদাড়িয়াপাড়াপররাষ্ট্র প্রতিমন্ত্রীসিলেটসিলেট পুলিশহুমায়ুন কবির