জ্যোতিকা জ্যোতির ফোনে ‘চব্বিশের বেঈমান’ তালিকা, নজরে অনেক তারকা প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৬ জুলাই গণঅভ্যুত্থানে শোবিজ অঙ্গনের যেসব তারকা অংশ নিয়েছিলেন, তাদের নাম নিয়ে ‘চব্বিশের বেঈমান’ নামে একটি তালিকা তৈরি করেছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তার মুঠোফোনের গুগল ড্রাইভে সংরক্ষিত এই তালিকায় চিত্রনায়ক সিয়াম আহমেদ, আজমেরী হক বাঁধন, আয়মান সাদিক, মৌসুমী হামিদ, সৈয়দ জামান শাওন, মুমতাহিনা টয়া ও খায়রুল বাশারসহ পরিচিত অনেক তারকার নাম রয়েছে। অভিযানসংশ্লিষ্ট সূত্রের দাবি, আটকের আগে জ্যোতি তার মুঠোফোন থেকে ফেসবুক ও হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য মুছে ফেলেছিলেন। তবে তথ্য-প্রযুক্তির সহায়তায় বেশকিছু তথ্য উদ্ধার করা সম্ভব হয়েছে, যার মধ্যে গুগল ড্রাইভে ‘২৪'র বেঈমান’ নামের ওই ফাইলটি পাওয়া যায়। এতে জুলাই আন্দোলনের পক্ষে তারকাদের দেওয়া পোস্ট, ছবি ও ভিডিও ফুটেজের স্ক্রিনশট সংরক্ষিত ছিল। তালিকায় থাকা অন্যান্যদের মধ্যে গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসের ফেসবুক আইডিতে বাংলাদেশের মানচিত্রসহ লাল প্রোফাইল ছবি, উপস্থাপক সোনিয়া রিফাত, অভিনেত্রী দীপা খন্দকার ও বিজরী বরকতুল্লাহর পোস্টের স্ক্রিনশটও ওই ফাইলে পাওয়া গেছে। অভিযানসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জুলাই আন্দোলনে তারকাদের সম্পৃক্ততার বিভিন্ন ডিজিটাল কনটেন্ট সেখানে জমা ছিল। গ্রেপ্তারের সময় পুলিশ বাসায় উপস্থিত হলে জ্যোতিকা জ্যোতি একাধিকবার ফেসবুক লাইভে আসেন এবং কান্নাকাটি করতে দেখা যায়। তিনি দাবি করেন, তাকে বিনা ওয়ারেন্টে আটক করা হচ্ছে এবং তিনি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নন। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, তাকে ডাকলে তিনি নিজেই থানা বা ডিবি কার্যালয়ে হাজির হতেন, তবে যেন তার হাতে হাতকড়া না পরানো হয়। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে রাজধানীর ভাটারা এলাকায় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি জ্যোতিকা জ্যোতি। মামলাটি বর্তমানে ডিবির গুলশান বিভাগে তদন্তাধীন। ২০২৫ সালের ২৯ এপ্রিল এনামুল হক নামের এক ব্যক্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এই মামলাটি করেন, যাতে অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় জ্যোতিকা জ্যোতি ছাড়াও অপু বিশ্বাস, নিপুণ আক্তার, নুসরাত ফারিয়া, সুবর্ণা মুস্তাফা, রোকেয়া প্রাচী, ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, সাইমন সাদিক, জায়েদ খান ও আজিজুল হাকিমের মতো অভিনয়শিল্পীদের নামও রয়েছে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES অন্যান্য বিষয়: গ্রেপ্তারচব্বিশের বেঈমানজুলাই অভ্যুত্থানজ্যোতিকা জ্যোতিশোবিজ