নাটোরে শনিবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৬

নতুন ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের তার সংযোগের কাজ সম্পন্ন করার লক্ষ্যে নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই বিদ্যুৎ বিভ্রাট চলবে।

শুক্রবার (২০ নভেম্বর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার বড়াইগ্রাম-১ (বনপাড়া) ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ১ ও ৩ নম্বরের সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে বনপাড়া পৌরসভা, জোয়াড়ী, মাঝগাঁও ও দুয়ারিয়া ইউনিয়নের আংশিক এলাকায় বিদ্যুৎ থাকবে না। এছাড়া নগর, গোপালপুর ও চান্দাই ইউনিয়নের গ্রাহকেরাও ওই সময়ে বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হবেন। এতে ওইসব এলাকার বাসিন্দাদের সাময়িক ভোগান্তির আশঙ্কা রয়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে বিদ্যুৎ বন্ধ থাকার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। নির্ধারিত কাজের সুবিধার্থে কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেও যেকোনো মুহূর্তে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত