ঢাকার বাড্ডায় স্ত্রীকে জবাই করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড প্রকাশিত: 2:31 PM, July 21, 2026 প্রায় নয় বছর আগে ঢাকার মধ্য বাড্ডা এলাকায় স্ত্রীকে জবাই করে হত্যার দায়ে মনির হোসেন নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. সাদেকীন হাবীব বাপ্পী মঙ্গলবার এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আদালত তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে। আদালতের বেঞ্চ সহকারী মো. আবুল কাশেম জানিয়েছেন, রায় ঘোষণার সময় আসামি মনির হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা মূলে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। মামলার সংশ্লিষ্ট আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ হাবিবুর রহমান আসামির সর্বোচ্চ সাজার এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৩ সালে মনির হোসেনের সঙ্গে শাকির খাতুন সোমার বিয়ে হয় এবং তাদের একটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে মনির ও তার পরিবারের সদস্যরা যৌতুকের জন্য সোমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। সোমার পরিবার বিভিন্ন সময়ে তাকে ১১ লাখ টাকা দিলেও মনিরের নির্যাতনের মাত্রা কমেনি। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার পর সোমা তার মায়ের বাসায় চলে যান। পরে মনিরের অঙ্গীকারের ভিত্তিতে তিনি আবার ফিরে আসলেও নির্যাতনের ঘটনা অব্যাহত থাকে। ২০১৭ সালের ৬ অক্টোবর দুপুরে টাকা-পয়সার বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে মনির ছুরি দিয়ে সোমাকে জবাই করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার দিনই সোমার মা মোসা. আক্তার বানু বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ মনিরকে গ্রেপ্তার করে। তিনি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দিও দেন। তদন্ত শেষে বাড্ডা থানার এসআই বায়েজীদ বোস্তামী একই বছরের ৭ ডিসেম্বর অভিযোগপত্র জমা দেন। ২০১৮ সালের ১৭ মে আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু করে। বিচার চলাকালে ২০ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। যুক্তিতর্ক শেষে আদালত গত ১৪ জুলাই জামিন বাতিল করে মনিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল এবং মঙ্গলবার চূড়ান্ত রায় ঘোষণা করে। SHARES রাজধানী বিষয়: আদালতফাঁসির রায়বাড্ডামনির হোসেনস্ত্রী হত্যা