আগস্টের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি প্রকাশিত: 11:30 PM, July 26, 2026 চলতি বছরের আগস্ট মাসের মধ্যে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ করার জন্য আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটির সদস্যসচিব আশিকুল ইসলাম রবিবার (২৬ জুলাই) এক বিবৃতিতে এই দাবি জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে সারা দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। বিবৃতিতে জানানো হয়, আগস্টের মধ্যে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন না এলে প্রথমে সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হবে। সেই আলোচনা যদি ফলপ্রসূ না হয়, তবেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থে দেশব্যাপী কঠোর কর্মসূচিতে যাবে সংগঠনটি। আশিকুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ সময় ধরে একটি সময়োপযোগী, বাস্তবসম্মত ও ন্যায্য বেতন কাঠামোর অপেক্ষায় আছেন। নতুন পে স্কেল বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি না হওয়ায় তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি প্রশ্ন রাখেন, নতুন পে স্কেল বাস্তবায়নের প্রজ্ঞাপন কেন আটকে আছে? দীর্ঘদিনের এই প্রত্যাশা পূরণে সরকারের দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও আশা প্রকাশ করেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনমান উন্নয়নের পাশাপাশি কর্মদক্ষতা এবং জনসেবার মান আরও বৃদ্ধি পাবে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি সব সময় শান্তিপূর্ণ, দায়িত্বশীল ও গণতান্ত্রিক কর্মসূচিতে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোই তাদের মূল লক্ষ্য। তবে সেই উদ্যোগ ব্যর্থ হলে পরবর্তী করণীয় নির্ধারণ করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। SHARES জাতীয় বিষয়: পে স্কেলপ্রজ্ঞাপনবাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতিবেতন কাঠামোসরকারি কর্মচারী