মহেশখালীর এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি, দেশজুড়ে গ্যাস সরবরাহ ব্যাহত

প্রকাশিত: 3:31 PM, July 21, 2026

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত একটি ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এই যান্ত্রিক সমস্যার কারণে দেশজুড়ে গ্যাসের সরবরাহ উল্লেখযোগ্য হারে কমে গেছে, যার ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের গ্রাহকেরা তীব্র ভোগান্তির শিকার হচ্ছেন।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্রে জানা গেছে, মহেশখালীতে এলএনজি রূপান্তর ও সরবরাহের জন্য দুটি ভাসমান টার্মিনাল চালু রয়েছে। সাধারণত এই দুটি টার্মিনাল থেকে প্রতিদিন ১০০ থেকে ১০৫ কোটি ঘনফুট এলএনজি জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো। তবে হঠাৎ এই ত্রুটির ফলে সরবরাহ ৬০ কোটি ঘনফুটের নিচে নেমে এসেছে, যা পাইপলাইনে গ্যাসের চাপ কমিয়ে দিয়েছে।

দেশে ব্যবহৃত মোট গ্যাসের প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ আমদানি করা এলএনজি থেকে আসে। তাই সরবরাহ কমে যাওয়ায় স্বাভাবিকভাবেই দেশজুড়ে গ্যাসের সংকট প্রকট হয়ে উঠেছে। এর ফলে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন হ্রাস পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অনেক এলাকায় রান্নার চুলা জ্বালাতেও গ্রাহকদের হিমশিম খেতে হচ্ছে, বিশেষ করে ঢাকার গ্রাহকদের ওপর এর প্রভাব বেশি পড়েছে।

পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজধানী ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে একটি বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশখালীর টার্মিনালে ত্রুটির কারণে প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাসের সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিতাসের আওতাধীন সব শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের তীব্র স্বল্পচাপ বজায় থাকবে।