১৮ দিনেও মেলেনি ব্যবসায়ী জাবেদের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার প্রকাশিত: 5:02 PM, July 21, 2026 নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি এলাকা থেকে জাবেদ মিয়া (৩৬) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। গত ৪ জুলাই শনিবার বেলা আনুমানিক ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। দীর্ঘ ১৮ দিন অতিবাহিত হলেও পরিবারের সদস্যরা তাকে খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন। নিখোঁজ জাবেদ মিয়ার পিতার নাম আব্দুর রশিদ এবং মাতার নাম হালিমা বেগম। পেশায় স্টিল ব্যবসায়ী জাবেদের স্থায়ী ঠিকানা ঢাকার নাজিরা বাজার এবং অস্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জের ফতুল্লার জালকুড়িতে কুদ্দুস ফকিরের বাড়ি। নিখোঁজের পর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরিবার ও পুলিশের তথ্য অনুযায়ী, জাবেদ মিয়ার ব্যবহৃত মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন যাত্রাবাড়ীর দনিয়া কলেজ এলাকায় শনাক্ত করা সম্ভব হয়েছিল। তবে এরপর থেকে তার অবস্থান সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি। জাবেদ মিয়ার সন্ধানে তার পরিবার সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে। যদি কোনো ব্যক্তি জাবেদ মিয়ার সন্ধান পেয়ে থাকেন অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে ০১৬২৪-৭৯২০৭৩ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। পরিবারের সদস্যদের আশা, সবার সচেতনতা ও একটি শেয়ার নিখোঁজ জাবেদ মিয়াকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১৬: ৫৬আপডেট : ২১ জুলাই ২০২৬, ১৬: ৫৭ SHARES জাতীয় বিষয়: নারায়ণগঞ্জনিখোঁজপুলিশব্যবসায়ীসাধারণ ডায়েরিসিদ্ধিরগঞ্জ