২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা: খরচ ও সেবার বিস্তারিত

প্রকাশিত: 6:31 PM, July 21, 2026

২০২৭ সালের হজের জন্য সরকারি ও বেসরকারি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সরকারি হজ প্যাকেজ-১-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এই প্যাকেজের আওতায় মক্কায় হারাম শরিফের বাইরের চত্বর থেকে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা থাকবে। এছাড়া মিনায় জোন-৭-এ তাঁবু এবং 'সার্ভিস প্যাকেজ-৩' ক্যাটাগরির সেবা দেওয়া হবে।

সরকারি হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এ প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫-এ তাঁবু এবং 'সার্ভিস প্যাকেজ-৩' অনুযায়ী সেবা দেওয়া হবে। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৬৮ টাকা।

ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালে মিনা-আরাফায় এ, বি, সি ও ডি—মোট চারটি সার্ভিস প্যাকেজ থাকলেও ২০২৭ সালে তা কমিয়ে তিনটি করা হয়েছে। 'ডি' সার্ভিস প্যাকেজ বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে বোর্ড ক্যাটাগরি বাধ্যতামূলক করা হয়েছে, যা হাজিদের সেবার মান উন্নয়নে সহায়ক হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এবার হজ ফ্লাইটের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৩ সালে বিমান ভাড়া ছিল প্রায় ২ লাখ টাকা এবং ২০২৫ সালে ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা যে দেশেই থাকুন না কেন, সেখান থেকেই স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ করে ভিসার আবেদন করতে পারবেন। পাশাপাশি ভবিষ্যতে তারা অবস্থানরত দেশ থেকেই সরাসরি সৌদি আরবে যাওয়ার সুযোগ নিশ্চিত করার বিষয়েও সরকার কাজ করছে।

হজ নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর ২০২৬। ই-হজ সিস্টেমে প্যাকেজ নির্বাচন করে প্রথমে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন এবং পরে পুরো অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে। এছাড়া হজে গমনের জন্য পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকতে হবে। সম্ভাব্য সূচি অনুযায়ী ২০২৭ সালের ৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে এবং ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।