জাতীয় দল থেকে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা নিকোলাস ওতামেন্দি প্রকাশিত: 10:01 AM, July 24, 2026 ১৭ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের আনুষ্ঠানিক ইতি টানলেন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। ৩৮ বছর বয়সী এই তারকা আবেগঘন এক বার্তায় জাতীয় দলের হয়ে নিজের অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করেছেন। জাতীয় দলের জার্সি গায়ে ওতামেন্দি মোট ১৩৯টি ম্যাচ খেলেছেন। তার অর্জনের ঝুলিতে রয়েছে ২০২২ বিশ্বকাপসহ দুটি কোপা আমেরিকার শিরোপা। বিদায়বেলায় ওতামেন্দি লিখেছেন, 'ভাগ্যই যেন ঠিক করে রেখেছিল, আমার শেষ ম্যাচ হবে বিশ্বকাপ ফাইনাল। যদিও ফলটা আমাদের মনের মতো হয়নি, তবুও আমি মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। এই দল শেষ সেকেন্ড পর্যন্ত নিজেদের সবটুকু উজাড় করে লড়েছে, সেই তৃপ্তি নিয়েই আমি বিদায় নিচ্ছি।' তিনি আরও যোগ করেন, 'মাঠে কখনো একফোঁটা চেষ্টারও কমতি রাখিনি, কখনো বিশ্বাস হারাইনি। এই জার্সিকে জীবনের সবচেয়ে বড় সম্মান হিসেবেই সব সময় অনুভব করেছি। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়ার জন্য আর্জেন্টিনার কাছে আমি চিরকৃতজ্ঞ।' সম্প্রতি ইউরোপের সফল অধ্যায় শেষে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটে যোগ দিয়েছেন ওতামেন্দি। নতুন ক্লাবের হয়ে অনুশীলনেও নেমে পড়েছেন তিনি। সব ঠিক থাকলে আগামী শনিবার বারাকাস সেন্ট্রালের বিপক্ষে ম্যাচ দিয়েই ক্লাবটির জার্সিতে তার অভিষেক হতে যাচ্ছে। সর্বশেষ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ১–০ গোলে হারের পর জাতীয় দলের অধ্যায় শেষ করে এখন নতুন ক্লাবে মনোযোগী এই সেন্টারব্যাক। SHARES খেলাধুলা বিষয়: আর্জেন্টিনা ফুটবলনিকোলাস ওতামেন্দিফুটবল অবসররিভার প্লেট