ভারতজুড়ে সিজেপির বিক্ষোভ, সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান প্রকাশিত: 11:01 AM, July 24, 2026 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারতজুড়ে পুলিশি সহিংসতার শিকার হওয়া মানুষদের পাশে দাঁড়াতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংগঠনটি শুক্রবার এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য দেশের সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের প্রতি বিশেষ আহ্বান জানায়। আয়োজকদের উদ্দেশে বার্তায় বলা হয়, প্রতিটি সমাবেশের সম্মুখভাগ থেকে শিক্ষার্থীদের মূল দাবিগুলো যেন স্পষ্টভাবে পড়ে শোনানো হয়। এছাড়া কর্মসূচির সার্বিক অনুমতি ও আনুষঙ্গিক বিষয়গুলো সহজ করতে ছাত্র সংগঠন ও সংশ্লিষ্ট দলগুলোকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। সিজেপির এই বিক্ষোভের ডাক এমন এক সময়ে এলো যখন প্রশ্নপত্র ফাঁস ইস্যুকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত। আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক কৌশল নির্ধারণের লক্ষ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বাসভবনে বিরোধী দলের শীর্ষ নেতারা জরুরি বৈঠকে মিলিত হয়েছেন। এর আগে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা সিজেপি নেতাদের আলোচনায় বসার আমন্ত্রণ জানালে দলটির নেতারা তা প্রত্যাখ্যান করেন। সিজেপি নেতা অশুতোষ রাঙ্কা জানান, মন্ত্রীরা যন্তর মন্তরে আসতে অস্বীকৃতি জানানোয় তারা এই প্রস্তাব গ্রহণ করেননি। তিনি সাফ জানিয়ে দেন, হয় মন্ত্রীরা আন্দোলনস্থল যন্তর মন্তরে এসে আলোচনা করবেন অথবা কোনো নিরপেক্ষ স্থানে বৈঠকের আয়োজন করতে হবে। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আন্দোলনরত তরুণ নেতাদের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়ে বলেছিলেন, প্রশ্নপত্র ফাঁস ও চলমান আন্দোলনের বিষয়টি সরকারের কাছে মর্যাদার কোনো বিষয় নয় এবং তিনি ও জে.পি. নাড্ডা যেকোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত। তবে সিজেপি নেতারা তাদের অবস্থানে অটল থেকে নিরপেক্ষ স্থানে বৈঠকের দাবি জানিয়েছেন। আন্দোলনের অন্যতম মুখ ও সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক অসুস্থতার কারণে সাময়িক বিশ্রামে থাকলেও সন্ধ্যার মধ্যে প্রতিবাদ মঞ্চে ফেরার কথা জানিয়েছেন। বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার রাতে দিল্লিতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। পুলিশের দাবি, পার্লামেন্ট স্ট্রিটের দিকে অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে পাথর ও বোতল নিক্ষেপ করেছিল। তবে বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলেছেন। অভিজিৎ দীপক পুলিশের ভূমিকার সমালোচনা করে বলেছেন, আন্দোলন দমন করার চেষ্টা করা হচ্ছে। আন্দোলনকারীদের দাবি, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় স্বচ্ছ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংগঠনটি আজ শুক্রবার (২৪ জুলাই) এই কর্মসূচিতে অংশ নিতে দেশের সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের প্রতি বিশেষ আহ্বান জানায়। বৃহস্পতিবার (২৩ জুলাই) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা সিজেপি নেতাদের আলোচনায় বসার আমন্ত্রণ জানান। তবে দলটির নেতারা সেই প্রস্তাব গ্রহণ করেননি। এই খবর ছড়িয়ে পড়ার পর আন্দোলনে উত্তাল হয়ে পড়ে দিল্লি। SHARES অন্যান্য বিষয়: দিল্লিনরেন্দ্র মোদিপ্রশ্নপত্র ফাঁসভারত বিক্ষোভশিক্ষার্থী আন্দোলনসিজেপি