বাংলাদেশসহ ৬০ দেশে নতুন শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র প্রকাশিত: 10:30 AM, July 24, 2026 বাধ্যতামূলক শ্রম (ফোর্সড লেবার) নিষেধাজ্ঞা কার্যকরে শিথিলতার অভিযোগ তুলে বাংলাদেশসহ ৬০টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৪ জুলাই) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। নতুন এই ব্যবস্থার আওতায় ১০ শতাংশ এবং ১২ দশমিক ৫ শতাংশ হারে শুল্ক আরোপ করা হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্প প্রশাসন একটি অস্থায়ী ১০ শতাংশ বৈক্সিক শুল্ক আরোপ করেছিল, যার মেয়াদ শুক্রবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ১২টা ১ মিনিটে শেষ হয়েছে। বৃহস্পতিবার ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক নোটিশের মাধ্যমে এই নতুন শুল্কের ঘোষণা দেওয়া হয়। এই শুল্ক যুক্তরাষ্ট্রের মোট আমদানির প্রায় ৯৯ দশমিক ৪ শতাংশের ওপর প্রযোজ্য হবে। তবে তেল ও গ্যাস, সার এবং কিছু খাদ্যপণ্য এই শুল্কের আওতার বাইরে থাকবে। ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ৩০১-এর অধীনে এই শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, সেকশন ৩০১ অতীতে আদালতের বিভিন্ন চ্যালেঞ্জে টিকে যাওয়ায় নতুন এই শুল্কের আইনি ঝুঁকি আগের তুলনায় কম। নতুন শুল্ক থেকে অব্যাহতি পাওয়ার একটি সুযোগ রাখা হয়েছে; ২৮ জুলাই পূর্বাঞ্চলীয় সময় রাত ১২টা ১ মিনিট পর্যন্ত পরিবহনরত পণ্য এই শুল্কের আওতামুক্ত থাকবে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এক বিবৃতিতে জানিয়েছেন, প্রায় এক শতাব্দী ধরে যুক্তরাষ্ট্র বাধ্যতামূলক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানি নিষিদ্ধ করে কঠোরভাবে তা বাস্তবায়ন করছে। তিনি আশা প্রকাশ করেন, এই পদক্ষেপ মানবাধিকার লঙ্ঘন ও বিকৃত বাণিজ্যিক চর্চা সংশোধনের মাধ্যমে বিশ্বের শ্রমিকদের কল্যাণে ভূমিকা রাখবে। গ্রিয়ার আরও জানান, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের আগে থেকেই বাণিজ্য চুক্তি রয়েছে এবং সর্বোচ্চ শুল্কহার নির্ধারিত আছে, নতুন এই শুল্ক সেই সীমার ওপরে যাবে না। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ ছাড়াও আর্জেন্টিনা, যুক্তরাজ্য, কম্বোডিয়া, কানাডা, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, ভারত, ইন্দোনেশিয়া, জর্ডান, মালয়েশিয়া, মেক্সিকো, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ত্রিনিদাদ ও টোবাগোর পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। SHARES অন্যান্য বিষয়: বাংলাদেশবাণিজ্যবাধ্যতামূলক শ্রমযুক্তরাষ্ট্রশুল্ক