শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি, সময় চাইল মোদি সরকার

প্রকাশিত: 4:01 PM, July 24, 2026

দীর্ঘ দর কষাকষি এবং শর্ত-পাল্টা শর্তের পর অবশেষে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার টেবিলে বসলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিরা। শনিবার দিল্লির ভিপি হাউসে আয়োজিত এই দুই ঘণ্টার বৈঠকে সিজেপি প্রতিনিধিরা স্পষ্ট করে দিয়েছেন যে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তারা কোনোভাবেই আপস করবেন না।

বৈঠকে ভারত সরকারের প্রতিনিধিত্ব করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিকে, সিজেপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের জাতীয় মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা।

বৈঠক শেষে সিজেপির মুখপাত্ররা জানান, শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে মোদি সরকার কোনো চূড়ান্ত বার্তা দেয়নি। বরং এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকার তাদের কাছে আরও একদিন সময় চেয়েছে। শনিবারই উভয় পক্ষের মধ্যে পুনরায় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, 'ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরকার শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়ে নিয়েছে। আমরা আশা করছি সরকার দ্রুত তাকে অপসারণ করবে।' তিনি আরও যোগ করেন, সরকার তাদের দুটি মূল দাবিতে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে। এর মধ্যে রয়েছে আত্মহত্যাকারী পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ প্রদান এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর ও আইনি মামলা প্রত্যাহার।

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১৫: ৫৮আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১৬: ০০