তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

প্রকাশিত: 9:00 AM, July 26, 2026

পাঁচ দিনের সরকারি সফর শেষে তুরস্ক থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে। গত ১৯ জুলাই তিনি তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন।

সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের, তুর্কি সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সেলচুক বায়রাকতারওলু, তুর্কি স্থলবাহিনীর কমান্ডার জেনারেল মেতিন তোকেল এবং ইস্তাম্বুল নৌ জাহাজ নির্মাণশালার পরিচালক রিয়ার অ্যাডমিরাল রেজেপ এরদিনচ ইয়েতকিনের সঙ্গে আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া তিনি তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সির প্রতিনিধির সঙ্গেও বৈঠক করেন।

তুর্কি স্থলবাহিনীর সদর দপ্তরে পরিদর্শনের সময় সেনাপ্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে তিনি তুরস্কের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি ও শিল্পে সহযোগিতা এবং সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উভয় পক্ষই ভবিষ্যতে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে।

সফরের অংশ হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্কের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা শিল্প ও সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রম এবং অত্যাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনি কার্যক্রম পরিদর্শন করেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও তিনি আলোচনা করেন। আইএসপিআর আশা প্রকাশ করেছে যে, এই সফর দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা শিল্প, সামরিক প্রযুক্তি ও সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।