ব্যয় সাশ্রয়ে ১৮ মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা বাতিল

প্রকাশিত: 11:01 AM, July 26, 2026

রাষ্ট্রীয় ব্যয় কমানো, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহনের সংকট মোকাবিলায় সরকার ১৮ জন মন্ত্রীর জন্য বরাদ্দ বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে। তবে দায়িত্বের গুরুত্ব বিবেচনা করে ছয়জন জ্যেষ্ঠ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার ক্ষেত্রে এই বিশেষ নিরাপত্তা সুবিধা বহাল রাখা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং একাধিক মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাদের তথ্যানুযায়ী, গত সপ্তাহ থেকে ধাপে ধাপে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

বর্তমান মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণমন্ত্রী রয়েছেন। নতুন এই সিদ্ধান্তের ফলে ১৮ জনের এসকর্ট সুবিধা প্রত্যাহার করা হলেও, সরকারি নীতিমালা অনুযায়ী তারা আগের মতোই গানম্যান, বাসভবন নিরাপত্তা বা হাউস গার্ড এবং ঢাকার বাইরে সফরের সময় প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তা পাবেন। সাধারণত একজন মন্ত্রীর এসকর্ট দলে একটি পুলিশ পিকআপ ভ্যানসহ একজন উপপরিদর্শক (এসআই) এবং চারজন কনস্টেবল দায়িত্ব পালন করেন, যাদের বেতন-ভাতা ও যানবাহনের জ্বালানি ব্যয় সরকারি তহবিল থেকে বহন করা হয়।

বর্তমানে যেসব মন্ত্রী এসকর্ট সুবিধা পাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

ডিএমপির তথ্য অনুযায়ী, বর্তমানে রাজধানীতে ৪৯ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তায় ১ হাজার ৬৯১ জন পুলিশ সদস্য নিয়োজিত আছেন। তবে এই নিরাপত্তার জন্য প্রয়োজন ২ হাজার ৫৭৫ জন সদস্য। প্রায় ৯০০ জনের ঘাটতি থাকায় পুলিশ সদস্যদের অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে, যা তাদের ওপর শারীরিক ও মানসিক চাপ তৈরি করছে। এছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় বিভিন্ন থানায় হামলায় প্রোটেকশন ইউনিটের অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ায় একটি গাড়ি দিয়েই একাধিক ভিআইপির নিরাপত্তা নিশ্চিত করতে হচ্ছে, যা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।