কথায় কথায় মামলা ও হয়রানির প্রতিবাদে চন্দনাইশে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: 2:30 PM, August 1, 2026

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দারা এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শুক্রবার বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মূলত কথায় কথায় মামলা ও মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করেন।

মানববন্ধন শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে মাহবুব আলম, মঞ্জুর আলম, জালাল উদ্দীন ও মো. জুয়েল বক্তব্য রাখেন। এ সময় বাংলাদেশ বেতারের সাবেক উপপরিচালক নবিদুর রহমান এবং চট্টগ্রাম বন্দরের সাবেক কর্মকর্তা শাহাব উল্লাহ বাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন, স্থানীয় মৃত নজির আহমদের ছেলে আবুল কাশেম (৬৫) দীর্ঘদিন ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ও মামলা দিয়ে হয়রানি করছেন। তাদের দাবি, জমি-সংক্রান্ত বিরোধ বা মতপার্থক্যের জের ধরে সাধারণ মানুষকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বক্তারা দাবি করেন, গত আট বছরে অন্তত অর্ধশত ব্যক্তিকে এভাবে হয়রানির চেষ্টা করা হয়েছে, যার মধ্যে কয়েকজন প্রবাসীও রয়েছেন। এসব ঘটনার কারণে প্রবাসীরা দেশে ফিরতে শঙ্কা বোধ করছেন বলেও তারা জানান। তবে এসব অভিযোগের পক্ষে তারা তাৎক্ষণিকভাবে কোনো নথিপত্র উপস্থাপন করেননি।

অভিযোগের বিষয়ে জানতে আবুল কাশেমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে 'ভুল নম্বরে ফোন করেছেন' বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর আর তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে, চলতি সপ্তাহে প্রবাসী জুয়েল ও জালালের বিরুদ্ধে ছিনতাই ও মারধরের অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দেন আবুল কাশেম। তবে তদন্তকারী কর্মকর্তা এসআই রূপক ঘোষ জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়েছে এবং তদন্তে অভিযোগের সমর্থনে কোনো সত্যতা পাওয়া যায়নি।