টিকিট সিন্ডিকেট দমনে আইএটিএর কারিগরি সহায়তা চেয়েছে সরকার প্রকাশিত: 6:01 PM, August 3, 2026 বিমানের টিকিট সিন্ডিকেট দমন, বিমান পরিবহন খাতের আধুনিকায়ন এবং পর্যটনশিল্পের সার্বিক উন্নয়নে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) কাছে কারিগরি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বাংলাদেশ এয়ারলাইনস টেকনিক্যাল সেন্টারকে (বিএটিসি) একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে রূপান্তর করার ক্ষেত্রেও আইএটিএ সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। সোমবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে আইএটিএর আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট শেজডন হির সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে আইএটিএর আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট জানান, বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়নে আইএটিএ সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। বিশেষ করে বিএটিসিকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য সংস্থাটি কারিগরি সহায়তা প্রদানে আগ্রহী। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, টিকিট সিন্ডিকেট দমনে সরকার ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এবং এ ক্ষেত্রে আইএটিএর কারিগরি সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, বিমান খাতে কোনো ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং বাজারে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানান, পরিবেশবান্ধব বিমান পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল অধ্যাদেশে কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে একটি পৃথক ধারা সংযোজন করা হয়েছে। পাশাপাশি টেকসই এভিয়েশন ফুয়েল (এসএএফ) ব্যবহারের উদ্যোগ গ্রহণ এবং আকাশপথে অপরাধ দমনে মন্ট্রিল প্রটোকল-২০১৪ গ্রহণের প্রয়োজনীয় কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে। এ ছাড়া বৈঠকে দেশের পর্যটন খাতের উন্নয়ন, আকাশপথে আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণ ও বিমান পরিবহন খাতের সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে। SHARES জাতীয় বিষয়: আইএটিএটিকিট সিন্ডিকেটপর্যটনশিল্পবিমান বাংলাদেশবেসামরিক বিমান পরিবহন