আবর্জনা মুক্ত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রকাশিত: 2:17 PM, August 3, 2026 দেশের পরিবেশ রক্ষায় এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও সুস্থ দেশ গড়ার লক্ষ্যে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩ আগস্ট) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন পরিবেশের বিষয়টি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের ওপর প্রভাব ফেলে। গত ৩০ বা ৪০ বছরের তুলনায় বর্তমান সময়ে ঢাকা শহরসহ জেলা, উপজেলা ও গ্রামগঞ্জের রাস্তাঘাট এবং বাজার এলাকায় প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট ও টিস্যুর মতো ময়লা যত্রতত্র পড়ে থাকার হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ পায়ে হেঁটে বা বাসে চলাচল করেন। যত্রতত্র আবর্জনা জমে থাকায় এবং দুর্গন্ধের কারণে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা যদি সবাই সচেতন হয়ে ব্যবহৃত আবর্জনা নির্দিষ্ট স্থানে জমা করি এবং সঠিক উপায়ে তা ধ্বংস করি, তবেই পরিবেশকে সুন্দর রাখা সম্ভব। নিজের ঘরের পরিচ্ছন্নতার উদাহরণ দিয়ে তিনি বলেন, মানুষ নিজের ঘর পরিষ্কার রাখতে পছন্দ করে, কিন্তু বাইরের পরিবেশের ক্ষেত্রে সেই সচেতনতা দেখা যায় না। কবি বর্ণিত সবুজ শ্যামল ভুবনের মতো দেশকে সুন্দর রাখতে হলে প্রতিটি নাগরিককে দায়িত্ব নিতে হবে। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকা সফরের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, পুকুর বা জলাশয়ের পাড়ে ময়লার স্তূপ দেখে তিনি উদ্বিগ্ন। তিনি বলেন, পরিচ্ছন্ন কর্মীরা হয়তো পরিষ্কার করে রাখে, কিন্তু মানুষ সচেতন না হলে সেই পরিবেশ দীর্ঘস্থায়ী হয় না। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আজ থেকে যদি আমরা প্রত্যেকে সচেতন হই এবং হাতের আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলি, তবেই ধীরে ধীরে বাংলাদেশকে আবর্জনা মুক্ত করা সম্ভব হবে। দেশটা আমাদের সবার উল্লেখ করে প্রধানমন্ত্রী পরিশেষে বলেন, আমরা সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করলে বড় কোনো পরিবর্তন আনা সম্ভব। প্রিয় দেশবাসীর কাছে তিনি এই সহযোগিতা প্রত্যাশা করেছেন। SHARES জাতীয় বিষয়: তারেক-রহমানপরিচ্ছন্নতাপরিবেশপ্রধানমন্ত্রীবাংলাদেশ