পুলিশের উচ্চপর্যায়ে ৮ কর্মকর্তার রদবদল, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা

প্রকাশিত: 5:01 PM, August 3, 2026

পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। বিভিন্ন ইউনিটে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৮ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ বিভাগের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে কর্মকর্তাদের বদলির পাশাপাশি সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ১৭ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব অর্পণ করতে হবে। অন্যথায় ১৮ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক অবমুক্ত করা হবে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ও নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে আদেশপ্রাপ্ত শেখ মো. সেলিমকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমানকে নরসিংদীতে এবং চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মোহাম্মদ রবিউল ইসলামকে চট্টগ্রাম জেলা পুলিশে বদলি করা হয়েছে। এছাড়া র‌্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) স্বপ্না বেগমকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) এবং মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (অপস) বিমল চন্দ্র বর্মনকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ সার্কেলে দায়িত্ব দেওয়া হয়েছে।

তালিকায় থাকা অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ফরিদপুর মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আজম খানকে খুলনা রেঞ্জে ডিআইজির কার্যালয়ে, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জামাল উদ্দিন চৌধুরীকে কক্সবাজার মহেশখালী সার্কেলে এবং শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম মাসুদুজ্জামানকে ফরিদপুর মধুখালী সার্কেলে বদলি করা হয়েছে।