৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ

প্রকাশিত: 6:01 PM, August 3, 2026

দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাংলাদেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, টেকনিক্যাল এবং ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেবে। ছেলেদের দলের জন্য অংশগ্রহণ বাধ্যতামূলক হলেও মেয়েদের দলের ক্ষেত্রে এটি ঐচ্ছিক রাখা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টুর্নামেন্ট জাতীয় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এই পরিকল্পনা তুলে ধরা হয়। মাহদী আমিন জানান, এর আগের প্রাথমিক পর্যায়ের টুর্নামেন্টে প্রায় ২২ লাখ এবং মাধ্যমিক পর্যায়ের প্রতিযোগিতায় ১১ লাখের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। তবে আগের আয়োজনের প্রচারণায় সীমাবদ্ধতা থাকায় এবার সেগুলোকে কাটিয়ে টুর্নামেন্টকে আরও ব্যাপক পরিসরে ব্র্যান্ডিং করার উদ্যোগ নেওয়া হয়েছে।

টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা, প্রচারণা ও সমন্বয়ের জন্য সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। আয়োজকদের লক্ষ্য হলো, এই টুর্নামেন্টকে একটি জাতীয় উৎসবে রূপ দেওয়া। বিশ্বকাপের আদলে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণে সৃজনশীল কর্মসূচি থাকবে। এছাড়া ঢাকার বাইরে থেকে টুর্নামেন্টের যাত্রা শুরু করার পরিকল্পনাও রয়েছে যাতে সারা দেশের শিক্ষার্থীরা সমানভাবে সম্পৃক্ত হতে পারে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও ফাইনাল—উভয় পর্যায়েই প্রধানমন্ত্রীর উপস্থিতির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মুখপাত্র। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিজেই এই টুর্নামেন্টের নাম নির্ধারণ করেছেন। এটি শুধুমাত্র একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং আগামী প্রজন্মের জন্য শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার সমন্বয়ে একটি অনন্য জাতীয় উদ্যোগ। স্থানীয় পর্যায়ে সংসদ সদস্যসহ জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এই আয়োজন সফল করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগগুলো সমন্বিতভাবে কাজ করবে। বৈঠকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক উপস্থিত ছিলেন।