৫৫ লাখ কার্ডধারী ১৫ টাকা কেজিতে পাবেন ৩০ কেজি চাল

প্রকাশিত: 2:30 PM, August 3, 2026

বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং কর্মাভাবকালীন সময়ে নিম্ন আয়ের জনগোষ্ঠীর খাদ্য সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় ১ আগস্ট থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে। সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কর্মসূচির আওতায় দেশের ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ কার্ডধারী ১৫ টাকা কেজি দরে চাল কেনার সুযোগ পাবেন। একজন কার্ডধারী মাসে সর্বোচ্চ ৩০ কেজি চাল কিনতে পারবেন। এই সুবিধা ছয় মাসব্যাপী কার্যকর থাকবে, যার মধ্যে রয়েছে আগস্ট-নভেম্বর এবং মার্চ ও এপ্রিল মাস।

দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টি মোকাবিলা এবং বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টি উন্নয়নে এই কর্মসূচি কাজ করছে। বর্তমানে ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মধ্যে পুষ্টি চাল এবং ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীর মাঝে সাধারণ চাল বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে সারা দেশে ১ হাজার ১০৮টি কেন্দ্র বা ট্রাকের মাধ্যমে ওএমএস কর্মসূচির আওতায় নিয়মিত চাল ও আটা বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে দেশে অতীতের যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি খাদ্য মজুত রয়েছে এবং সরকারিভাবে খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। ২ আগস্ট পর্যন্ত দেশে মোট খাদ্য মজুতের পরিমাণ ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন। এর মধ্যে চাল ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ মেট্রিক টন, গম ২ লাখ ৮০ হাজার ১০ মেট্রিক টন এবং ১ লাখ ৫২ হাজার ১০৯ মেট্রিক টন ধানকে চালে রূপান্তর করা হয়েছে।