ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু, কেজিতে কমেছে ৯০ টাকা

প্রকাশিত: 9:01 PM, August 3, 2026

দেশের বাজারে কাঁচা মরিচের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচবাহী ট্রাক দেশে প্রবেশ করেছে। দীর্ঘ বিরতির পর এই বন্দর দিয়ে আবারও মরিচ আমদানি কার্যক্রম শুরু হলো; সর্বশেষ গত বছরের ২০ নভেম্বর এই বন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ আমদানি হয়েছিল।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন জানান, দেশের বাজারে কাঁচা মরিচের মূল্য নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দিয়েছে। হিলি স্থলবন্দর দিয়ে প্রায় ৩ হাজার ৪০০ টন কাঁচা মরিচ আমদানির জন্য ১১ জন আমদানিকারক অনুমতি পেয়েছেন। অনুমতি পাওয়ার পর ব্যবসায়ীরা এলসি (লেটার অব ক্রেডিট) খোলাসহ প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আমদানি প্রক্রিয়া শুরু করেছেন।

হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহাবুল ইসলাম জানান, টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উৎপাদন কমে বাজারে সরবরাহ সংকট তৈরি হয় এবং কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল। তিনি আরও বলেন, ভারতের বাজারে কাঁচা মরিচের দাম তুলনামূলক কম থাকায় আমদানিকারকরা দীর্ঘদিন ধরে আমদানির অনুমতির দাবি জানিয়ে আসছিলেন। অনুমতি পাওয়ার পর দ্রুত এলসি খুলে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

আমদানি শুরুর ইতিবাচক প্রভাব দেশের বাজারে পড়তে শুরু করেছে। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে ৮০ থেকে ৯০ টাকা পর্যন্ত কমেছে। আমদানি অব্যাহত থাকলে দাম আরও কমে আসবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ২০: ৫৬আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ২০: ৫৭