শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার না করেন: হুমায়ুন কবির

প্রকাশিত: 9:32 PM, August 3, 2026

ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার (৩ আগস্ট) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য দেওয়ার বিষয়টি। হুমায়ুন কবির এ বিষয়ে ভারতের হাইকমিশনারকে বাংলাদেশের পক্ষ থেকে অবহিত করেন।

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা স্পষ্ট করে বলেন যে, এ ধরনের কার্যক্রম দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে। জবাবে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া এবং এ ব্যাপারে সচেষ্ট থাকার আশ্বাস দিয়েছেন।

দুই দেশের মধ্যে নিয়মিত সংলাপ ও গঠনমূলক যোগাযোগ অব্যাহত রাখার ওপর বৈঠকে জোর দেওয়া হয়েছে। পারস্পরিক আস্থা ও আলোচনার মাধ্যমেই সব বিষয়ে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানে পৌঁছানো সম্ভব বলে উভয় পক্ষ অভিমত প্রকাশ করেন।