ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

প্রকাশিত: 10:02 PM, August 3, 2026

পাবনার ভাঙ্গুড়ায় বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ৮০ বছর বয়সী আব্দুস সাত্তার নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। সোমবার সকাল আটটার দিকে উপজেলার পৌর সদরের দুই নম্বর ওয়ার্ডের স্বর্ণকার পাড়া ও মাহবোলা কবরস্থানের প্রধান ফটকের সামনে অবস্থিত পরিত্যক্ত একটি টিনের ঝুপড়ি ঘরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত মেসের উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার পেশায় একজন শিলপাটা ধারকাটিয়ে জীবিকা নির্বাহ করেন। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘটনার দিন সকালে শীল পরিবারের ওই শিশুটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। এলাকায় লোকজন না থাকার সুযোগে বৃদ্ধ আব্দুস সাত্তার শিশুটিকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে পরিত্যক্ত টিনের ঝুপড়ি ঘরে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন।

শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বৃদ্ধ সাত্তার তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যান। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। বাড়িতে ফিরে শিশুটি তার মা ও পিসির কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ার পর শিশুটির পিতা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভিকটিমের জবানবন্দি গ্রহণ করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

ভিকটিমের পিতা সাংবাদিকদের বলেন, আমার ছোট্ট শিশুর সাথে যা ঘটেছে তাতে সামাজিকভাবে মান-সম্মান নিয়ে চলা কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি এমন যে, বসতবাড়ি বিক্রি করে এলাকা ছাড়া ছাড়া আমার আর কোনো উপায় দেখছি না।

স্থানীয় বাসিন্দা ও সাবেক সরকারি কর্মকর্তা মুকুল হোসেন জানান, অভিযুক্ত এই বৃদ্ধের বিরুদ্ধে এর আগেও এমন অপকর্মের কথা শোনা গেছে এবং এলাকাবাসী এর সুষ্ঠু বিচার দাবি করছেন। ভাঙ্গুড়া থানার এসআই সুব্রত কুমার জানান, আব্দুস সাত্তারের বিরুদ্ধে অতীতেও এমন অভিযোগের কথা শোনা গেছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে।