নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ প্রতিরোধ গড়বে: জামায়াত আমির প্রকাশিত: 6:00 PM, August 4, 2026 নতুন কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে দেশের জনগণ আবারও প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘জুলাই জাগরণ ডকুফিল্ম প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জুলাই আন্দোলনকে বাংলাদেশের ইতিহাসের এক অনন্য অধ্যায় হিসেবে উল্লেখ করে বলেন, দুই বছর আগে সংঘটিত এ আন্দোলনের ঘটনাপ্রবাহ ইতিহাসে বিশেষভাবে স্থান করে নিয়েছে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ, শহীদদের আত্মত্যাগ এবং নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। ছাত্রশিবিরের মাসব্যাপী স্মৃতি সংরক্ষণের উদ্যোগের প্রশংসা করে ডা. শফিকুর রহমান বলেন, শিশু থেকে তরুণ—সবাইকে এই আন্দোলনের ইতিহাস জানাতে হবে। প্রতীকী কবর ও স্মৃতি প্রদর্শনী ঘুরে দেখার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এসব আয়োজন মানুষকে আন্দোলনের আত্মত্যাগ উপলব্ধি করতে সহায়তা করবে। ডকুফিল্ম প্রতিযোগিতায় অংশ নেওয়া তরুণরাই ভবিষ্যতে দেশ গঠনে নেতৃত্ব দেবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং অংশগ্রহণকারী সবার প্রচেষ্টার প্রশংসা করেন। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, নতুন কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ আবারও প্রতিরোধ গড়ে তুলবে, যদিও আমরা তা চাই না, কারণ আপনারাও একসময় মজলুম ছিলেন। বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচার বা দমনমূলক শাসন মেনে নেয় না। তিনি উল্লেখ করেন, জুলাই আন্দোলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-জনতা পরিবর্তনের প্রত্যাশায় গণভবনের দিকে অগ্রসর হয়েছিল। সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনা এবং ছাত্রশিবিরের ডকুফিল্ম প্রতিযোগিতা জুলাই আন্দোলনের স্মৃতিকে আরও মর্যাদাপূর্ণ করেছে বলে তিনি মন্তব্য করেন। তিনি সরকারকে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে আহত ও শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, ২০২৪ সালের কঠিন সময়ে নেতাকর্মীরা ভয়-ভীতি ও দমন-পীড়ন উপেক্ষা করে কর্মসূচি পালন করেছিলেন, যার ধারাবাহিকতায় আজকের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। তিনি জুলাই আন্দোলনের স্মৃতি ধরে রাখতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। তিনি জানান, প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল সারাদেশে ছড়িয়ে থাকা জুলাই আন্দোলনের দলিল, স্মৃতি ও তথ্য সংগ্রহ করে প্রামাণ্যচিত্রের মাধ্যমে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের স্মৃতি মুছে ফেলার অপচেষ্টা চলছে এবং বিভিন্ন স্থানে তাদের কর্মসূচিতে ছাত্রদলের হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন, আমরা প্রতিশোধের আগুনে জ্বলছি, তারপরেও নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করে যাচ্ছি। যদি প্রতিশোধ নিতে হয়, কোনো অপশক্তি তা ঠেকাতে পারবে না। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নোয়াখালীর ‘গ্রামের চোখে জুলাই’ (মাহমুদ এইচ এম), যা পুরস্কার হিসেবে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সনদ পেয়েছে। দ্বিতীয় স্থান অর্জন করে গাজীপুর মহানগরের ‘জুলাইয়ের ছিটেফোঁটা’ (পুরস্কার দেড় লাখ টাকা), তৃতীয় স্থান লাভ করে নরসিংদী জেলা শাখার ‘দ্রোহের জুলাই’ (পুরস্কার ১ লাখ টাকা), চতুর্থ স্থান অধিকার করে ঢাকা মহানগর পূর্বের ‘বুলেটের বৃষ্টি পেরিয়ে’ (পুরস্কার ৫০ হাজার টাকা) এবং পঞ্চম স্থান অর্জন করে ‘The Silent Echo’ (পুরস্কার ৩০ হাজার টাকা)। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১৭: ৫৬আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৭: ৫৯ SHARES রাজনীতি বিষয়: জামায়াতে ইসলামীজুলাই জাগরণডকুফিল্মডা. শফিকুর রহমানরাজনীতি