পার্লামেন্টের চেয়ে রাজপথকে গুরুত্ব দেওয়া একটি ষড়যন্ত্র: জহির উদ্দিন স্বপন প্রকাশিত: 9:31 AM, August 2, 2026 তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন অভিযোগ করেছেন যে, একটি মহল জাতীয় সংসদকে এড়িয়ে রাজপথকে বেশি গুরুত্ব দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্র করছে। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘ফ্যাসিবাদের ১৫ বছর: চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিএ) ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী ৩ দিনব্যাপী চলবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। জহির উদ্দিন স্বপন বলেন, আমরা লক্ষ্য করেছি, পার্লামেন্টের চেয়ে রাজপথকেই অনেকের বেশি পছন্দ। পার্লামেন্টের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে সোশ্যাল মিডিয়ায় যুদ্ধের পরিবেশ তৈরির প্রকল্প কেউ কেউ হাতে নিয়েছে। তিনি আরও বলেন, তারেক রহমানের সরকার এই ষড়যন্ত্রের গভীরতা সম্পর্কে অবগত। দায়িত্বশীলতার জায়গা থেকেই তারা অভিভাবকের ভাষায় কথা বলেন এবং গঠনমূলক সমাধানের চেষ্টা করেন। প্রতিক্রিয়াধর্মী উত্তেজনাকর বক্তব্য বা দূষিত পরিবেশ তৈরি না করে দেশ গড়ার কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। মন্ত্রী আরও বলেন, ফ্যাসিবাদ উৎপাতের পর্ব শেষ হয়েছে, এখন আমাদের দেশ গড়ার পালা। যারা এখনো ষড়যন্ত্র করছেন বা বিভ্রান্তিতে আছেন, তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, রাষ্ট্রের প্রয়োজনে এবং জনগণের স্বার্থে সরকার প্রয়োজনে কঠোর হবে। তবে শেষ মুহূর্ত পর্যন্ত শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করা হবে। তারেক রহমানের নেতৃত্ব ও আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজার মাইল দূর থেকে আন্দোলনের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি তরুণদের সাহস যোগাতে স্লোগান দিয়েছিলেন, ‘যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও, তবে তুমি বাংলাদেশ’। ৫ আগস্ট রাজপথেই ফয়সালা হয়েছে যে ফ্যাসিবাদের দিন শেষ। এরপর থেকে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নানান মহলের ষড়যন্ত্রের নিন্দা জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা পর্যন্ত নির্বাচনের বিরুদ্ধে কথা বলেছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (এফজেইউ)-এর মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, প্রধানমন্ত্রীর বার্তা উপ-সচিব জাহিদুল ইসলাম রনি, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি বাছির জামাল, ভিআইপি মোটর্সের এমডি ভাস্কর নাজম, বিপিজের সভাপতি কে এম মহসিন ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদার। SHARES রাজনীতি বিষয়: জহির উদ্দিন স্বপনজাতীয় প্রেস ক্লাবজুলাই বিপ্লবতারেক-রহমানফ্যাসিবাদ