জুলাই ও হাদি স্মৃতি বাঁচিয়ে রাখার আহ্বান এমপি মাহমুদা মিতুর

প্রকাশিত: 10:34 PM, August 1, 2026

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে শনিবার ১ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নারী শক্তির সদস্যসচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। তিনি সভায় জুলাই ও হাদি স্মৃতিকে বাঁচিয়ে রাখার আহ্বান জানান।

ডা. মাহমুদা মিতু বলেন, বিএনপি প্রায়ই অভিযোগ করে যে জুলাই নিয়ে ব্যবসা করা হচ্ছে। তাদের এই সমালোচনা কেবল অপমান করার উদ্দেশ্যেই করা হয়। তিনি উল্লেখ করেন, এসব প্রচারণার কারণেই হাদিকে নিউজ ফিড থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় মোদিবিরোধী আন্দোলনে ১৯ জন প্রাণ হারিয়েছেন এবং তাদের নিয়ে ব্যবসার বিষয়টিও গুরুত্বের সাথে দেখা উচিত।

এমপি মাহমুদা মিতু বলেন, এনসিপি বা ১১ দলীয় জোটের বাইরে জুলাইয়ের কথা বিশেষ কেউ বলে না। সরকারি দল এ বিষয়ে নীরব থাকতে উৎসাহিত করে। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, জিয়া ব্যবসা যদি বৈধ হয়, তবে জুলাইয়ের স্মৃতিচারণ বা দরদকে ব্যবসা বলা উচিত নয়। তিনি একে মায়া ও মমতা হিসেবে অভিহিত করেন।

বিএনপির সমালোচনা করে ডা. মিতু বলেন, শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করার পরও তারা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ। তিনি সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, সংবিধান সংস্কার, পুলিশ কমিশন ও গুম কমিশন গঠনের দাবি শহীদদের আকাঙ্ক্ষার সাথে সম্পর্কিত। নারীর সম্মান রক্ষা ও বেকার তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করাই তাদের লড়াইয়ের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, লাঠিচার্জ, চোখ অন্ধ করা বা গুন্ডা লেলিয়ে দিয়ে তাদের দমানো যাবে না। সাইবার ফোর্সের মাধ্যমে নোংরা ছবি এডিট বা কমেন্ট করে ভয় দেখানোর চেষ্টা তারা গ্রাহ্য করেন না।