ঢাকা আলিয়া মাদ্রাসায় হল দখল নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

প্রকাশিত: 6:32 PM, August 4, 2026

রাজধানীর বকশিবাজারে অবস্থিত ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এই উত্তেজনা শুরু হয় এবং পরবর্তীতে তা দফায় দফায় সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হল দখল নিয়ে দুই ছাত্রসংগঠনের মধ্যে দীর্ঘ সময় ধরে উত্তেজনা বিরাজ করছিল, যা শেষ পর্যন্ত বিকেলে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় উভয় পক্ষের নেতাকর্মীদের দেশীয় অস্ত্র হাতে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং মুখোমুখি অবস্থান নিতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত নেতাকর্মীরা। ভিডিওতে কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতেও দেখা গেছে। পরে সহপাঠীরা তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে আহতদের সঠিক সংখ্যা বা পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

পরিস্থিতি সম্পর্কে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বর্তমানে পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, তবে এখনো তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।