দ্রব্যমূল্য ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের মাথাব্যথা নেই: জামায়াত

প্রকাশিত: 11:00 PM, August 3, 2026

দেশের চলমান গ্যাস সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বিদ্যুতের সীমাহীন লোডশেডিং নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার রাতে রাজধানীর মগবাজারে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার বর্তমানে সংবিধান নিয়ে ব্যস্ত। জনগণের দাবি রুখে দেয়ার জন্য সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে মন্ত্রী ও সরকারের নীতিনির্ধারকরা বিভ্রান্তিকর কাজে লিপ্ত রয়েছে। বিরোধী দলকে দমন করার জন্য নতুন নতুন ন্যারেটিভ তৈরির পেছনে সরকার ব্যস্ত থাকলেও সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে তাদের কোনো উদ্যোগ নেই।

সংবাদ সম্মেলনে তিনি গ্যাস সংকটের তীব্রতা তুলে ধরে বলেন, মহেশখালীর এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে আমদানিকৃত গ্যাসের সরবরাহ কমেছে। দীর্ঘমেয়াদে গ্যাস অনুসন্ধানে সরকারের কোনো বিনিয়োগ না থাকায় এই সংকট আরও ঘনীভূত হয়েছে। এর ফলে রাজধানীসহ বিভিন্ন এলাকায় রান্নাবান্না ব্যাহত হচ্ছে এবং শিল্পকারখানাগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এছাড়া এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের ব্যয় বহুগুণ বেড়েছে।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ভূতুড়ে বিলের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, অথচ এর কোনো সমাধান মিলছে না। মূল্যস্ফীতির এই সময়ে বিদ্যুতের দাম বারবার বাড়ানোয় জনগণের জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ২৪ থেকে ২৬ সালের মধ্যে গ্রাহক পর্যায়ে দুই দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জনবান্ধব রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী জনগণের এসব জনদুর্ভোগ নিয়ে কথা বলাকে সময়ের দাবি হিসেবে দেখছে বলে তিনি জানান। সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।