গুজরাটে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮ প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬ ভারতের গুজরাটের আহমেদাবাদে একটি অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে আহমেদাবাদের ভাস্ত্রাল এলাকায় অবস্থিত ‘ট্যালেন্ট ফায়ারওয়ার্কস’ নামের কারখানাটিতে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত আটজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আরও নয়জন গুরুতরভাবে আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটির লাইসেন্স আগেই বাতিল করা হয়েছিল। এরপরও প্রতিষ্ঠানটি স্থানীয় একটি খামারে অবৈধভাবে তাদের উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে বিস্ফোরণের খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাদের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নেয়। বিস্ফোরণে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মণিনগর সিভিল হাসপাতাল এবং এলজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আহতদের সবার অবস্থাই আশঙ্কাজনক। এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা প্রদান করছে। সরকার নিহত প্রত্যেকের পরিবারকে পিএমএনআরএফের পক্ষ থেকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে এককালীন অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। SHARES আন্তর্জাতিক বিষয়: আতশবাজি কারখানাআহমেদাবাদগুজরাটবিস্ফোরণভারত