ভোলার বোরহানউদ্দিনে ইমামকে মারধর, অভিযুক্ত ৩ ছাত্রলীগ কর্মী

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক ইমামকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মীর বিরুদ্ধে। শুক্রবার উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তোফায়েল মেম্বার (সাবেক) বাড়ি জামে মসজিদে এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি লাবিব এবং কর্মী সাবনুর ও হোসেন। অভিযোগ অনুযায়ী, শুক্রবার অভিযুক্তরা মসজিদের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ইমাম আল-আমীনকে মারধর করেন। এই হামলায় ইমাম আল-আমীন গুরুতরভাবে আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।

ঘটনার পর থেকে অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি, ফলে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে, এই হামলার ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

সমাবেশে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সেলিম মেম্বার বলেন, পবিত্র মসজিদে হামলা এবং ইমামকে মারধরের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মসজিদ কমিটির সহসভাপতি মো. বকুল এই ঘটনাকে ন্যক্কারজনক আখ্যা দিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১৪: ৪৭আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১৫: ০১